মানিক চৌধুরীর মরণোত্তর সন্মাননা গ্রহণ করছেন দীপংকর চৌধুরী কাজল ২৭ ২ ২০১১ইং

শনিবার, ১০ মার্চ, ২০১২

স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসবে ডা. আফসারুল আমিন

মানিক চৌধুরী ছিলেন বাঙালি জাতিসত্তা বিকাশের বাতিঘর
• নিজস্ব প্রতিবেদক
ক্যাপশন যুক্ত করুন

‘মানিক চৌধুরী : স্বাধীনতা সংগ্রামের বিস্মৃত নায়ক’ স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা.আফসারুল আমীন বলেছেন, মানিক চৌধুরী বাঙালি জাতিসত্তা বিকাশের বাতিঘর। জাতির সংকট উত্তরণে তিনি আলো ছড়িয়েছেন। পরাধীনতার শৃঙ্খল মোচনে তিনি প্রেরণাদায়ী শিল্পী। তিনি আমাদের অস্তিত্বের শেকড়।
গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী সম্পাদিত এ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, মানিক চৌধুরী আমাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ডের ইন্ধনদাতা ও আর্থিক পৃষ্ঠপোষক। দুঃসময়ে তিনি ছিলেন  আমাদের অবলম্বনের প্রতীক। পেশায় ব্যবসায়ী হলেও মনে-প্রাণে তিনি ছিলেন শৃঙ্খল-মুক্তির দূত। আজিজ-জহুর-মানিক চট্টগ্রামে একটি আদর্শিক রাজনৈতিক বলয়ের নাম।
অনুষ্ঠানে স্মারকগ্রন্থের সম্পাদক নাসিরুদ্দিন চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন।
আলোচক ছিলেন  আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আবদুর রহমান, প্রবীণ রাজনীতিক আশরাফ খান,  সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সিপিবি নেতা শাহআলম, কবি ও সাংবাদিক আবুল মোমেন, অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, মো.হারিছ, মুক্তিযোদ্ধা আনোয়ারুল আজিম প্রমুখ।
ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন প্রয়াত মানিক চৌধুরীর পুত্র দীপঙ্কর চৌধুরী কাজল।
প্রধান অতিথির বক্তৃতায় ডা.আফছারুল আমীন বলেন, বাঙালি জাতি বিস্মৃতিপরায়ণ বলে অপবাদ রয়েছে। মানিক চৌধুরীর মত একজন কিংবদন্তীতুল্য বীর যদি বিস্মৃতির অতলে হারিয়ে যান তা হবে জাতির জন্য দুর্ভাগ্য।
তিনি আরো বলেন, ক্ষমতায় আজ মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার অধিষ্ঠিত। এই সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার মঞ্চ, আর এই আকাঙ্ক্ষার সূতিকাসূত্র মানিক চৌধুরী। তাই বিস্মৃতির অতল থেকে তাকে উদ্ধার করে আমাদের স্বার্থে বাঁচিয়ে রাখতে হবে।
তিনি মানিক চৌধুরীর স্মৃতিকে চিরজাগরূক করে রাখতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে প্রয়াতের পরিবারকে আশ্বাস দেন। 

সূত্রঃদৈনিক সুপ্রভাত


কোন মন্তব্য নেই: